ওরা নির্যাতিত, নিষ্পেষিত
তথাকথিত দেশপ্রেমিকের হাতিয়ার
ওরা ফেলে দেয়া হাড় ডাস্টবিন থেকে তুলে খায়
হোটেলের পঁচা ভাত আর দইয়ের পাতিলে যা পায়।
ওরা দেয়ালে পোস্টার লাগায়, মিছিলে যায়
ওদের অধিকার আদায়ের নেতারা
গাড়িতে চলে, দেশ-বিদেশে যায়
ওরা কি দু’বেলা পেট ভরে খায়?
নেতাদের পাহারার কুকুর
ওরা সাবান দিয়ে গোসল করায়
আয়নায় চেয়ে দেখেনি
কত ময়লা ওদের নিজেরই গায়।
ওরা রাস্তায় ঘুরে মাটিতে ঘুমায়
কারো বই নিয়ে স্কুলে যায়
ওদের কোন আবদার নেই
যা দেয় তাই খায়।
ইট-পাথরের নেতারা ছুঁড়ে ফেলে দেয়
ওরা কোথায় যাবে?
প্রকৃতির সন্তান তাই
প্রকৃতিই কোলে তুলে নেয়।
ভাসমান এই মানুষগুলো
আর কত কাল ভাসবে?
আসলে ওরা ভাসমান নয়
ঘুরে ফিরে আবার সমাজেই আসবে।