আমি মরতে চাইনে
এই সুন্দর পৃথিবী থেকে,
আমি বাঁচতে চাই যুগ-যুগান্তর
আশা নিয়ে বুকে।
এই পৃথিবীর সবকিছুই
আমাকে করে আকৃষ্ট, করে মোহিত
হাসি কান্না দুঃখ বেদনা
জয় পরাজয় আছে যত।
এ মায়ার বন্ধন ছেড়ে
যেতে ক্রন্দন আসে
তবুও যে যেতে হবে,
জানিনে কবে কোথায
কিভাবে মিলিত হব সবে।
এই নীল আকাশ, মৃদু বাতাস
শুকনো পাতার মর্মর ধ্বনি
আমি একদৃষ্টিতে চেয়ে দেখি
নিশিতে কান পেতে শুনি।
আমার ভালো লাগে পাহাড়-পর্বত
মরুভূমি ঝরনাধারা,
আমার ঘৃণা হয় ওদের প্রতি
এত সুন্দর ধ্বংস করে যারা।
এই গাছপালা সবুজ শ্যমলিমা
পাখির ডাক খোলা মাঠ
ভালো লাগে হাওর বাঁওর
এক পায়ে চলা পথ।
বন্ধন ছিঁড়ে আমি চলে যাব দূরে
বহুদূরে একা ঘরে
আমার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র
কেউ শুনবে না ডাকলেও উচ্চস্বরে।
আমার ভালো লাগে প্রিয়ার হাসি
তার চাহনি আর রাখালের বাঁশি,
যেখানেই যাই এই মায়ার টানে
আবার ঘরে ফিরে আসি।
এসব ছেড়ে বিদায় নিতে হবে
চিরতরে চলে যেতে হবে,
সবকিছু যে মিছে হয়ে যাবে
যদি আর না ফিরি কভু ঘরে।
সে পথ বড় কঠিন বড় বন্ধুর
সে পথে আর যায় না ফেরা,
ইচ্ছে না থাকলেও বানাতে হবে যে
সে পথেই মোর বাসা।
ওরা আমাকে দেখতে পাবে না জানি
আমিও পাব না ওদের
বন্ধু বলে ভালোবাসা আর আদর সোহাগে
কাছে টেনেছি যাদের।
হবে ঝড় ঝঞ্ঝা
হয়ে আসবে কাল রাত্রি
কোথায় যাব জানিনে
তবুও আমি সেই অজানার যাত্রি।